শিলিগুড়ি, ২৭ ফেব্রুয়ারিঃ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে আজ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন জল জীবন যোজনার সুপারভাইজাররা। সংগঠন সূত্রে জানা গিয়েছে, দুপুর ১টায় জ্যোৎস্নাময়ী স্কুলের পাশের পি এইচ ই দপ্তরে এই ডেপুটেশন জমা দেওয়া হয়। তার আগে বেলা সাড়ে ১২টা নাগাদ শিলিগুড়ির থানা মোড়ে জমায়েতের ডাক দেওয়া হয়। নির্দিষ্ট সময়ে সেখানে একত্রিত হন সুপারভাইজাররা। এরপর সেখান থেকে মিছিল করে তাঁরা পি এইচ ই দপ্তরের উদ্দেশ্যে রওনা দেন। হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে নিজেদের বিভিন্ন দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা।
এই কর্মসূচিতে নেতৃত্ব দেয় শ্রমিক সংগঠন AIUTUC । সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে একাধিক সমস্যা নিয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও সুরাহা মেলেনি। তাই বাধ্য হয়েই ডেপুটেশন কর্মসূচির পথে হাঁটতে হয়েছে।
সুপারভাইজারদের দাবি, কাজের স্থায়িত্ব, নির্দিষ্ট পারিশ্রমিক কাঠামো, সময়মতো বেতন প্রদান এবং পরিষ্কার পরিষেবা শর্ত নিশ্চিত করতে হবে। পাশাপাশি কর্মীদের সামাজিক সুরক্ষা সংক্রান্ত বিষয়েও দ্রুত পদক্ষেপের দাবি জানানো হয়েছে।
ডেপুটেশন জমা দেওয়ার পর প্রতিনিধিরা জানান, প্রশাসনের তরফে আশ্বাস মিলেছে বিষয়গুলি বিবেচনা করে দেখা হবে। তবে দ্রুত সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে সংগঠন।
সব মিলিয়ে শুক্রবারের এই কর্মসূচিকে কেন্দ্র করে থানা মোড় ও সংলগ্ন এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে প্রভাব পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন ছিল।





