নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারিঃ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় বড় স্বস্তি পেলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। শুক্রবার দিল্লির এক নিম্ন আদালত তাঁদের বেকসুর খালাসের নির্দেশ দেয়। আদালতের পর্যবেক্ষণ, অভিযোগের সপক্ষে উপযুক্ত প্রমাণ দাখিল করতে পারেনি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)।
রায়ে বিচারক বলেন, দিল্লির আবগারি নীতি প্রণয়নে কোনও ষড়যন্ত্র বা অপরাধমূলক উদ্দেশ্যের নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। অভিযোগ প্রমাণে তদন্তকারী সংস্থাগুলি প্রয়োজনীয় তথ্য আদালতে পেশ করতে ব্যর্থ হয়েছে। বিচারক জিতেন্দ্র সিং সিবিআইকে উদ্দেশ করে মন্তব্য করেন, “অভিযোগের পক্ষে তথ্যপ্রমাণ দাখিল করতে ব্যর্থ হলে সরকারি প্রতিষ্ঠানের উপর মানুষের আস্থা নষ্ট হয়।”
সিবিআইয়ের দাবি ছিল, আবগারি মামলার মূল চক্রান্তকারী ছিলেন আম আদমি পার্টির সুপ্রিমো কেজরিওয়াল। তবে আদালত জানায়, অভিযোগের ক্ষেত্রে অনুমান নয়, নির্ভরযোগ্য প্রমাণ প্রয়োজন। সিসৌদিয়ার ক্ষেত্রেও অপরাধমূলক ভূমিকার কোনও সুস্পষ্ট ইঙ্গিত মেলেনি বলে পর্যবেক্ষণ আদালতের।
উল্লেখ্য, এই মামলাতেই গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাবন্দি ছিলেন দু’জনেই। কেন্দ্রীয় তদন্তে নেমেছিল Enforcement Directorate (ইডি)-ও। লোকসভা নির্বাচন ও দিল্লি বিধানসভা ভোটের প্রাক্কালে এই মামলা রাজনৈতিক গুরুত্ব পায়।
রায় ঘোষণার পর আবেগতাড়িত কেজরিওয়াল বলেন, “আজ আদালত জানিয়ে দিল আমি অসৎ নই।” একইসঙ্গে তিনি নরেন্দ্র মোদী ও অমিত শাহ-র বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। আদালতের এই রায় আম আদমি পার্টির জন্য বড় রাজনৈতিক স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।





