মালদা, ২৭ ফেব্রুয়ারিঃ বিদ্যালয় রয়েছে, পাকা দোতলা ভবনও দাঁড়িয়ে। প্রায় ২০০ জন পড়ুয়া ও চারজন শিক্ষক নিয়মিত আসছেন। তবুও গত ২৫ দিন ধরে কার্যত বন্ধ মানিকচক ব্লকের বাকিপুর জুনিয়র হাই বিদ্যালয়। কারণ, বিদ্যালয়ে ঢোকার কোনও পথ নেই। যে জমির উপর দিয়ে এতদিন স্কুলে যাতায়াত হত, সেই ব্যক্তিমালিকানাধীন জমিতে চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম দিন ফসল লাগিয়ে ঘিরে দেওয়া হয়েছে বেড়া। ফলে সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে বিদ্যালয়ের প্রবেশপথ।
তৃণমূল পরিচালিত মানিকচক গ্রাম পঞ্চায়েত এলাকার এই বিদ্যালয় ২০১১ সালে পথচলা শুরু করলেও আজও স্থায়ী প্রবেশপথ তৈরি হয়নি। নেই বিদ্যুতের ব্যবস্থাও। সমস্যার কথা ব্লক প্রশাসন, পঞ্চায়েত ও জেলা শিক্ষা দপ্তর—সকলেরই জানা। কিন্তু সমাধানের কোনও উদ্যোগ এখনও চোখে পড়েনি বলে অভিযোগ।
প্রতিদিনের মতো স্কুলড্রেস পরে আসছে পড়ুয়ারা। কিন্তু গেটে পৌঁছে অসহায় হয়ে ফিরে যেতে হচ্ছে। স্থানীয় এক গোয়ালঘরে বসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন শিক্ষকরা। ছাত্র সুধাংশু শর্মা, আকাশ সাহা ও ছাত্রী শিলা মন্ডল জানায়, পরীক্ষার আগে এভাবে স্কুল বন্ধ থাকায় তাদের পড়াশোনায় বড় ক্ষতি হচ্ছে। শিক্ষিকা সুস্মিতা দত্ত ও শিক্ষক সৌমেন সরকার বলেন, স্থায়ী সমাধান না হলে শিক্ষাব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে।
মানিকচক গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান সঞ্জীব কুমার মন্ডল সমস্যার কথা স্বীকার করলেও দ্রুত সমাধানের আশ্বাস মিলেনি। গ্রামবাসী সুকেশ মন্ডলের দাবি, অবিলম্বে বিকল্প রাস্তা তৈরি করে বিদ্যালয় খোলার ব্যবস্থা করুক প্রশাসন। তবে ক্যামেরার সামনে মন্তব্য করতে রাজি হননি অধিকাংশ আধিকারিক। ফলে অনিশ্চয়তার মধ্যেই দিন কাটছে পড়ুয়া ও শিক্ষকদের।





