বিনোদন ডেস্ক, ২৬ ফেব্রুয়ারিঃ চারহাত এক হয়েছে তাঁদের। উদয়পুরের রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানার বিয়ের পর্ব ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে তেলুগু রীতিতে। এবার কর্নাটকের ঐতিহ্যবাহী কোডাভা নিয়ম মেনে গাঁটছড়া বাঁধার পালা। এই বিশেষ মুহূর্তের মাঝেই সোশাল মিডিয়ায় স্বামীকে নিয়ে আবেগে ভাসলেন রশ্মিকা।
নিজের দীর্ঘ পোস্টের শুরুতেই তিনি লেখেন, “আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আমার স্বামীর।” এরপর একের পর এক বাক্যে বিজয়ের প্রতি তাঁর কৃতজ্ঞতা, ভালোবাসা ও সম্মান উজাড় করে দিয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, এই মানুষটিই তাঁকে শিখিয়েছেন কীভাবে শান্তিতে থাকতে হয়, কীভাবে বড় স্বপ্ন দেখতে হয়। “তিনি প্রতিদিন আমাকে বলেছেন, আমি যা ভাবতে পারি তার চেয়েও অনেক বেশি কিছু অর্জন করতে সক্ষম,” লিখেছেন রশ্মিকা।
শুধু পেশাগত অনুপ্রেরণা নয়, ব্যক্তিগত জীবনেও বিজয়ের প্রভাবের কথা তুলে ধরেছেন তিনি। রশ্মিকার ভাষায়, “এই মানুষটি আমাকে কখনও এমনভাবে নাচতে বাধা দেয়নি যেন কেউ দেখছেই না… তিনি আমাকে বুঝিয়েছেন বন্ধুদের সঙ্গে সময় কাটানোই সবচেয়ে সেরা অভিজ্ঞতা।” এমনকি মজার ছলে তিনি লিখেছেন, “বিশ্বাস করো, আমি এই মানুষটার উপর একটা বই লিখতে পারি!”
পোস্টে বারবার উঠে এসেছে বদলে যাওয়ার কথা। রশ্মিকা জানিয়েছেন, বিজয়ের সংস্পর্শে এসে তিনি সেই নারী হয়ে উঠতে পেরেছেন, যেটা তিনি সবসময় হতে চেয়েছিলেন। “আমি সত্যিই আশীর্বাদধন্য,” স্পষ্টভাবে লিখেছেন তিনি। স্বামীর পরিচয়ে নিজেকে পরিচিত করাতে তাঁর যে গর্ব ও উত্তেজনা, তা গোটা পোস্ট জুড়েই ধরা পড়েছে।
রাজকীয় বিয়ের রেশ কাটতে না কাটতেই এই আবেগঘন বার্তা ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায়। অনুরাগীরা নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন। প্রেম, বন্ধুত্ব আর পারস্পরিক সম্মানের মেলবন্ধনে শুরু হল তাঁদের নতুন জীবনের পথচলা।





