খবরিয়া ২৪ ডেস্ক, ২৬ ফেব্রুয়ারিঃ দক্ষিণ কলকাতার সরকারি হাসপাতাল এম. আর. বাঙ্গুর হাসপাতাল-এ চাঞ্চল্যকর সাফল্য। ৭৫ বছরের এক বৃদ্ধার জটিল অস্ত্রোপচারে পিত্তথলি থেকে প্রায় ২০০০টি পাথর বের করে তাক লাগালেন চিকিৎসকেরা। সাম্প্রতিক সময়ে এটি রেকর্ড বলেই দাবি হাসপাতালের একাংশের।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রিজেন্ট পার্কের বাসিন্দা ওই বৃদ্ধাকে গত ২৪ তারিখ ভর্তি করা হয়। দীর্ঘ কয়েক মাস ধরে তীব্র পেটব্যথা ও বমির সমস্যায় ভুগছিলেন তিনি। বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েও উপশম মেলেনি। অবশেষে এম আর বাঙ্গুর হাসপাতালের সার্জারি বিভাগে আসেন। একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ে পিত্তথলিতে বিপুল পরিমাণ পাথর জমেছে। রোগীর ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে প্রায় এক ঘণ্টার ল্যাপারোস্কোপিক সার্জারিতে সফলভাবে পাথরগুলি বের করা হয়। সার্জারি টিমে ছিলেন চিকিৎসক নিলয় নারায়ণ সরকার, ইন্দ্রাণী দেবনাথ, অনুভব সাহা ও মহিবুল্লা। অ্যানাস্থেসিয়া বিভাগের চিকিৎসক ব্রজেন্দ্রনাথ দাস, হিমালয় দত্ত, সরফরাজ রহমান ও শাহারিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। নার্সিং স্টাফ অণ্বেষা জানা ও অসীমা দাসদের তৎপরতাও ছিল প্রশংসনীয়।
অস্ত্রোপচারের পর বর্তমানে স্থিতিশীল রয়েছেন বৃদ্ধা। চিকিৎসকদের কথায়, ওটি থেকে বেরিয়ে তাঁর ফোকলা দাঁতের হাসিই সকল ক্লান্তি দূর করেছে। হাসপাতালের সুপার ডাঃ শিশির নস্কর বলেন, “সরকারি পরিষেবায় এটি অত্যন্ত ভালো কাজ। পুরো টিমকে ধন্যবাদ।” এই সাফল্যে খুশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।





