খবরিয়া ২৪ ডেস্ক, ২৬ ফেব্রুয়ারিঃ রাজ্যের নাগরিকদের অভাব-অভিযোগ সরাসরি শোনার উদ্দেশ্যে চালু হওয়া ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ পরিষেবা ঘিরে চাঞ্চল্য ছড়াল সাইবার জগতে। অভিযোগ, এই পরিষেবার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই মঙ্গলবার বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করে সংশ্লিষ্ট পরিচালন সংস্থা।
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-এর উদ্যোগে চালু হওয়া এই পরিষেবার ইনস্টাগ্রাম পেজ থেকে মোট ৪৭টি অনুমোদনহীন ডাইরেক্ট মেসেজ পাঠানো হয়েছে। পাশাপাশি দুটি স্টোরিও আপলোড করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, গভীর রাতে প্রথম দফায় হ্যাকিংয়ের ঘটনা ঘটে। রাত ২টো ৬ মিনিট থেকে ২টো ১৯ মিনিটের মধ্যে একাধিক মেসেজ পাঠানো হয়। পরে সকাল ৯টা ১১ মিনিট থেকে ৯টা ২২ মিনিটের মধ্যে দ্বিতীয় দফায় আবার মেসেজ পাঠানো হয়।
অভিযোগকারী সংস্থা জানিয়েছে, হ্যাকাররা ‘এগিয়ে বাংলা’, কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ-কেও মেসেজ পাঠিয়েছে। তবে মেসেজগুলির বিষয়বস্তু কী ছিল, তা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সংস্থার তরফে আরও জানানো হয়েছে, অ্যাকাউন্ট ব্যবহারের জন্য কঠোর নিয়মাবলি রয়েছে। কেবলমাত্র একটি সরকারি মোবাইল ফোন, নির্দিষ্ট ল্যাপটপ এবং একটি অফিস ডেস্কটপ এই তিনটি অনুমোদিত ডিভাইস থেকেই অ্যাকাউন্টে লগইন করা যায়। হ্যাকের খবর সামনে আসতেই দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করা হয় এবং সমস্ত ইলেকট্রনিক রেকর্ড, স্ক্রিনশট ও টাইম স্ট্যাম্প সংরক্ষণ করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ডিজিটাল প্রমাণ সংগ্রহ করে দোষীদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে। সাইবার বিশেষজ্ঞদের সহায়তায় তদন্ত এগোচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে কেবলমাত্র সরকারি সূত্রের তথ্যের উপর নির্ভর করার অনুরোধ জানানো হয়েছে।





