খবরিয়া ২৪ ডেস্ক, ২৬ ফেব্রুয়ারিঃ প্রাক্তন বামনেতা প্রতীক উর রহমানের তৃণমূলে যোগদানের পর থেকেই রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। একাধিক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “মমতা ব্যানার্জী-ই বাংলার ভবিষ্যৎ।” তবে দলবদলের পরও কয়েকদিন তাঁর ফেসবুক প্রোফাইলে ছিল বাম আন্দোলনের পুরনো ছবি। অবশেষে বৃহস্পতিবার সকালে ডিপি বদলে স্পষ্ট রাজনৈতিক বার্তা দিলেন প্রতীক উর।
নতুন ডিসপ্লে ছবিতে দেখা যাচ্ছে, অভিষেক ব্যানার্জী-এর হাত থেকে তৃণমূলের পতাকা গ্রহণ করছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, “রাস্তাই একমাত্র রাস্তা।” রাজনৈতিক মহলের মতে, এই পোস্টের মাধ্যমে তৃণমূলের কর্মী হিসেবে মাঠে নেমে লড়াই করার বার্তাই দিতে চেয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েছিলেন প্রতীক উর রহমান। সে সময় তিনি বাম প্রার্থী ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কার্যত অসম লড়াইয়ে নামতে হয়েছিল তাঁকে এবং ফলাফলও ছিল প্রত্যাশিত। সেই পরাজয়ের দু’বছর পর বদলেছে রাজনৈতিক সমীকরণ। রাজ্যে আবারও নির্বাচনের দামামা বাজতে চলেছে। আগামী মাসে নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা রয়েছে। এর মধ্যেই ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে অভিষেকের হাত ধরেই তৃণমূলে যোগ দেন প্রতীক।
দলবদলের পর তিনি বলেন, “আমার নীতি-নৈতিকতা বলে, ফ্যাসিস্ট শক্তিকে আটকাতে হবে। বিজেপিকে রুখতে হবে।” তবে প্রাক্তন সহযোদ্ধাদের কাছে ক্ষমা চাওয়ার মন্তব্য ঘিরে জল্পনা তৈরি হয়েছিল। কেউ কেউ দাবি করেছিলেন, হয়তো দলবদলের সিদ্ধান্ত নিয়ে তাঁর সংশয় তৈরি হয়েছে। যদিও প্রতীক উর স্পষ্ট জানিয়েছেন, তিনি তৃণমূলকে ‘১০০ শতাংশ’ দেবেন। ফেসবুকের ডিপি পরিবর্তন সেই অঙ্গীকারকেই আরও দৃঢ়ভাবে প্রকাশ করল বলে মনে করছে রাজনৈতিক মহল।





