খবরিয়া ২৪ ডেস্ক, ২৪ ফেব্রুয়ারিঃ দোরগোড়ায় বঙ্গ বিধানসভা নির্বাচন। সবকিছু ঠিক থাকলে মার্চের প্রথম সপ্তাহেই নির্বাচনের দিন ঘোষণা হতে পারে। তার আগেই নজিরবিহীনভাবে রাজ্যে আসতে শুরু করছে কেন্দ্রীয় বাহিনী। এই পরিস্থিতিতে সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন। বৈঠকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, বাহিনীকে কোনওভাবেই বসিয়ে রাখা যাবে না তাদের দিয়ে দ্রুত রুট মার্চ করাতে হবে।
এদিন ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি পীযুষ পাণ্ডে, ডিজি (আইনশৃঙ্খলা) বিনীত গোয়েল, কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার, সিআরপিএফের আইজি-সহ একাধিক শীর্ষ আধিকারিক। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, কোথায় কোথায় রুট মার্চ হবে তার আগাম তালিকা জমা দিতে হবে। পুরো প্রক্রিয়ার উপর নজর রাখবেন ডিজি ও নিযুক্ত অবজার্ভাররা। পাশাপাশি বাহিনীর যাতায়াত ও থাকার ব্যবস্থাও সুনিশ্চিত করতে বলা হয়েছে।
ছাব্বিশের নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম দফায় মার্চের শুরুতেই ২৪০ কোম্পানি বাহিনী রাজ্যে আসবে। এর মধ্যে থাকবে ১১০ কোম্পানি সিআরপিএফ, ৫৫ কোম্পানি বিএসএফ, ২১ কোম্পানি সিআইএসএফ, ২৭ কোম্পানি আইটিবিপি এবং ২৭ কোম্পানি এসএসবি।
দ্বিতীয় দফায় ১০ মার্চ বাকি ২৪০ কোম্পানি আধাসেনা মোতায়েন হবে। সেই পর্যায়ে আসবে ১২০ কোম্পানি সিআরপিএফ, ৬৫ কোম্পানি বিএসএফ, ১৬ কোম্পানি সিআইএসএফ, ২০ কোম্পানি আইটিবিপি এবং ১৯ কোম্পানি এসএসবি। নির্বাচনের আগে স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই এই তৎপরতা বলে কমিশন সূত্রে খবর।





