খবরিয়া ২৪ ডেস্ক, ২৪ ফেব্রুয়ারিঃ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মৃত্যু ঘিরে নতুন করে বিতর্ক উসকে দিলেন এনসিপি বিধায়ক অমল মিতকারি। অকোলা জেলায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে প্রশ্ন তোলেন, এই ঘটনাও কি নিছক দুর্ঘটনা, নাকি এর নেপথ্যে রয়েছে বৃহত্তর কোনও ষড়যন্ত্র?
বিধায়ক সরাসরি প্রশ্ন করেন, বিমানের পাইলট ক্যাপ্টেন সুমিত কাপুর আত্মঘাতী হামলাকারী ছিলেন না তো? ১৯৯১ সালে এলটিটিই যেভাবে রাজীব গান্ধীকে ‘সুইসাইড বোম্বার’-এর মাধ্যমে হত্যা করেছিল, সেই ঘটনার সঙ্গে তুলনা টেনে তিনি বলেন, অজিত পওয়ারের মৃত্যুর ক্ষেত্রেও কি তেমন কোনও পরিকল্পনা ছিল?
অন্যদিকে, অজিত পওয়ারের ভাইপো রোহিত পওয়ার শুরু থেকেই এই দুর্ঘটনায় ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন। অজিতের স্ত্রী সুনেত্রা পওয়ার ও এনসিপির তরফে সিবিআই তদন্তের দাবিও তোলা হয়েছে। বিধায়ক আরও দাবি করেন, সুমিত কাপুরের মৃত্যু নিয়েও ধোঁয়াশা রয়েছে। তাঁর স্ত্রী নাকি জানিয়েছেন, তিনি জীবিত। তাহলে দুর্ঘটনায় প্রকৃতপক্ষে কে মারা গিয়েছেন, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
২৮ জানুয়ারি সকাল ৮টা নাগাদ বারামতীর উদ্দেশে উড়ান শুরু করে বিমানটি। প্রথমদিকে সবকিছু স্বাভাবিক থাকলেও উড়ানের ২৪ মিনিট পর কিছু সময়ের জন্য নজরদারি সঙ্কেত বন্ধ হয়ে যায়। সকাল ৮টা ৪৩ মিনিটে বিমানটি সম্পূর্ণভাবে সঙ্কেত পাঠানো বন্ধ করে দেয় এবং অল্প সময়ের মধ্যেই দুর্ঘটনা ঘটে।
সরকারের তরফে এখনও আনুষ্ঠানিক তদন্ত চলছে বলে জানানো হয়েছে। তবে সিসিটিভি ফুটেজ প্রকাশ ও ব্ল্যাক বক্সের তথ্য দ্রুত সামনে আনার দাবি তুলেছে বিরোধীরা। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে মহারাষ্ট্রে।





