খবরিয়া ২৪ ডেস্ক, ২৩ ফেব্রুয়ারিঃ উত্তরপ্রদেশের বুলন্দশহরে বিয়ের শোভাযাত্রাকে কেন্দ্র করে এক বায়ুসেনা আধিকারিক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি জাহাঙ্গিরবাদ থানার অন্তর্গত অমরগড় গ্রামে ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। অভিযোগ, বিয়ের শোভাযাত্রায় অংশ নেওয়া কয়েকজন মদ্যপ অবস্থায় রাস্তায় নাচানাচি করছিলেন। এর ফলে প্রধান সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বায়ুসেনা আধিকারিক গাড়ি নিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। বারবার হর্ন দেওয়া সত্ত্বেও শোভাযাত্রায় থাকা কেউ রাস্তা ছাড়ছিলেন না। তখনই তিনি প্রতিবাদ করেন। অভিযোগ, এর পরেই শোভাযাত্রায় থাকা কয়েকজন তাঁর উপর চড়াও হন। শুধু তাঁকেই নয়, তাঁর বাবাকেও মারধর করা হয় বলে অভিযোগ। পরে আহত আধিকারিকের বাবাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
গত ১৯ ফেব্রুয়ারি এই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। ভিডিওয় দেখা যায়, কয়েকজন মিলে এক ব্যক্তিকে মারধর করছেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে এবং আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত করে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





