খবরিয়া ২৪ ডেস্ক, ২২ ফেব্রুয়ারিঃ ভাষা দিবসের বিকেলে সিপিএম ছাড়িয়ে তৃণমূলে যোগ দেন তরুণ নেতা প্রতীক উর রহমান। অভিষেক ব্যানার্জি-র হাত ধরে তাঁর এই দলবদল রাজ্য রাজনীতিতে যথেষ্ট আলোড়ন ফেলেছে। ঘটনার পরই আলিমুদ্দিন স্ট্রিট থেকে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। এই প্রেক্ষাপটে হুগলির কোন্নগরে দলীয় কর্মসূচিতে এসে প্রতীকের দলত্যাগ প্রসঙ্গে প্রতিক্রিয়া দেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মিনাক্ষী মুখোপাধ্যায়।
হুগলির কোন্নগর মাস্টারপাড়ায় বামেদের ‘গণ অর্থ সংগ্রহ’ কর্মসূচিতে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হন মীনাক্ষী। প্রতীকের দলবদল নিয়ে প্রশ্ন উঠতেই তিনি বলেন, “ব্যক্তি প্রতীক উর রহমানকে নিয়ে এখনই কিছু বলার মতো মানসিকতা জোগাড় করতে পারিনি।” তবে দীর্ঘদিনের সহযোদ্ধার প্রসঙ্গ তুলতে গিয়ে স্মৃতিচারণ করেন তিনি। তাঁর কথায়, “পুলিশের ব্যারিকেডের এপারে দাঁড়িয়ে একসাথে মার খেয়েছি। চাকরির দাবিতে, দুর্নীতির বিরুদ্ধে একসঙ্গে লড়েছি।”
প্রতীক কি এখন রাজনৈতিক শত্রু এই প্রশ্নের সরাসরি জবাব না দিলেও মীনাক্ষী স্পষ্ট বার্তা দেন, “লড়াইটা এখন রাজনীতির। পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই। দুর্নীতিবাজ ও গুন্ডারাজের বিরুদ্ধে যারা, তারাই একজোট হয়ে লড়ছে। এই লড়াই এক ইঞ্চিও কমবে না।” তিনি আরও বলেন, লাল ঝান্ডা হাতে অসংখ্য যুবক-যুবতী আজও রাস্তায় সংগ্রাম করছেন, তারাই দলের শক্তি।
তৃণমূলে যোগ দিয়ে প্রতীক দাবি করেছিলেন, বিজেপিকে পরাস্ত করার ক্ষমতা একমাত্র তৃণমূলের রয়েছে। এই বক্তব্যের তীব্র সমালোচনা করে মীনাক্ষী বলেন, “বামেরা ক্ষমতায় থাকাকালীন বিজেপি এ রাজ্যে দাঁত ফোটাতে পারেনি। বরং তৃণমূলই বিজেপিকে পশ্চিমবঙ্গে জায়গা করে দিয়েছে।” দলবদল ঘিরে রাজ্য রাজনীতিতে চাপানউতোর অব্যাহত।





