শিলিগুড়ি, ২১ ফেব্রুয়ারিঃ শহরে বেআইনি পার্কিং ও রাস্তার উপর গ্যারেজের কাজ বন্ধ করতে বিশেষ অভিযানে নামল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ–এর ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাট-সহ মহানন্দা সেতুর নিচের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজি শামসুদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন এয়ারভিউ ট্রাফিক পরিদর্শক মহেশ সিং ও সহকারী পুলিশ কমিশনার সুবির দত্ত। অভিযানের সময় মহানন্দা সেতুর নিচে থাকা একাধিক গ্যারেজ পরিদর্শন করা হয়। পুলিশ লক্ষ্য করে, বহু ক্ষেত্রে গ্যারেজের কাজ নির্দিষ্ট সীমানার বাইরে রাস্তার উপরেই চলছে। এর ফলে যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।
ডেপুটি পুলিশ কমিশনার গ্যারেজ মালিক ও কর্মীদের স্পষ্ট নির্দেশ দেন, নির্ধারিত গ্যারেজ এলাকার মধ্যেই কাজ করতে হবে। রাস্তার উপর কোনওভাবেই মেরামতির কাজ করা যাবে না। অন্যথায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মহানন্দা সেতুর নিচে লালমোহর নিরঞ্জন ঘাট ও আরতি ঘাট এলাকায় প্রতিমা নিরঞ্জনের সময় বিপুল মানুষের সমাগম হয়। সেই সময় অবৈধ পার্কিংয়ের কারণে তীব্র যানজট তৈরি হয় এবং সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। এই সমস্যা এড়াতেই আগাম পদক্ষেপ হিসেবে ট্রাফিক বিভাগ কঠোর অবস্থান নিয়েছে।
ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের বিভিন্ন প্রান্তে এই ধরনের অভিযান ধারাবাহিকভাবে চালানো হবে। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা থেকে শুরু করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ নাগরিকরাও।





