খবরিয়া ২৪ ডেস্ক, ১৯ ফেব্রুয়ারিঃ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলে সংগঠনগত তৎপরতা বেড়েছে। তারই মাঝে সিপিএমে তরুণ নেতৃত্বকে ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। দলের নিয়মিত সদস্যপদ পুনর্নবীকরণের সময়সীমা পার হয়ে গেলেও নিজের সদস্যপদ রিনিউ করাননি সিপিএমের তরুণ নেত্রী দীপ্সিতা ধর। তাঁর এই পদক্ষেপ ঘিরেই রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
সিপিএমের নিয়ম অনুযায়ী, প্রতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত সদস্যপদ রিনিউয়ের সময়সীমা থাকে। সাধারণত নির্দিষ্ট সময়ের মধ্যেই সদস্যরা এই প্রক্রিয়া সম্পন্ন করেন। জেলা স্তর থেকে কেন্দ্রীয় স্তর পর্যন্ত অনুমোদনের ধাপ পেরিয়ে সদস্যপদ নবীকরণ চূড়ান্ত হয়। কিন্তু দলীয় সূত্রে খবর, ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পার হলেও দীপ্সিতা তাঁর সদস্যপদ নবীকরণ করাননি। মার্চের গোড়ায় ভোট ঘোষণার সম্ভাবনা থাকায় আপাতত সদস্যপদ রিনিউয়ের প্রক্রিয়া স্থগিত রয়েছে বলেও জানা গেছে।
তবে দীপ্সিতা ধর নিজে এ বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তিনি দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়-তে পড়াশোনার সময় সিপিএমের সদস্য হন। সেই সূত্রে তাঁর সদস্যপদ নবীকরণের বিষয়টি দিল্লির সংগঠন মারফত সম্পন্ন হওয়ার কথা বলে জানিয়েছেন তিনি। ৩১ মার্চের মধ্যে নতুন করে ফর্মে সই করবেন কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু না জানিয়ে তাঁর সংক্ষিপ্ত মন্তব্য “এখনও সময় আছে।”
রাজনৈতিক মহলের একাংশের মতে, সাম্প্রতিক সময়ে দলের কর্মসূচিতে দীপ্সিতাকে ততটা সক্রিয়ভাবে দেখা যাচ্ছে না। ২০২৪ সালে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। নির্বাচনে পরাজিত হলেও পরবর্তী সময়ে কিছুদিন মিছিল-মিটিংয়ে সক্রিয় ছিলেন। তবে ইদানীং তাঁর উপস্থিতি কমে গিয়েছে বলেই অভিযোগ। তুলনায় যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়-কে অনেক বেশি সক্রিয় দেখা যাচ্ছে।
ফলে প্রশ্ন উঠছে, সিপিএমে তরুণ নেতৃত্বের মধ্যে কি নতুন কোনও সমীকরণ তৈরি হচ্ছে? নাকি এটি কেবল প্রশাসনিক জটিলতা? সব মিলিয়ে দীপ্সিতা ধরের সদস্যপদ রিনিউ না করা ঘিরে জল্পনা তুঙ্গে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা সময়ই বলে দেবে।





