খবরিয়া ২৪ ডেস্ক, ১৭ ফেব্রুয়ারিঃ রাজ্য সরকারের নতুন ‘যুবসাথী’ প্রকল্প ঘিরে ব্যাপক সাড়া মিলছে। প্রথম দু’দিনেই ১৪ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। পরিসংখ্যান বলছে, বিভিন্ন ভাতা ও সামাজিক প্রকল্প নিয়ে সমাজমাধ্যমে সমালোচনা থাকলেও বাস্তবে মানুষের আগ্রহ যথেষ্ট বেশি। রাজনৈতিক মহলের মতে, এই সাড়া আগামী নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
নবান্ন সূত্রে খবর, ‘স্বনির্ভর বাংলা’ শিবিরে নানা প্রকল্প মিলিয়ে ইতিমধ্যেই ১৬ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি আবেদন এসেছে ‘যুবসাথী’ প্রকল্পে। রবিবার থেকে অনলাইন আবেদন শুরু হওয়ার পর রবি ও সোমবার-দু’দিনেই আবেদনকারীদের ভিড় লক্ষ্য করা গেছে। জেলা ভিত্তিক হিসাব অনুযায়ী আবেদন জমা পড়ার নিরিখে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ, দ্বিতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। অন্যদিকে তুলনামূলক কম আবেদন জমা পড়েছে কালিম্পং জেলায়।
প্রশাসনিক পরিসংখ্যান অনুযায়ী, প্রথম দিনে প্রায় ৬ লক্ষ ৫৫ হাজারের বেশি আবেদন জমা পড়ে। দ্বিতীয় দিনে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ৮ লক্ষ ৮০ হাজার। অনলাইন আবেদন মিলিয়ে মোট আবেদন ইতিমধ্যেই ১৪ লক্ষ ছাড়িয়েছে। এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার, কৃষি ও সেচ সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের জন্যও আবেদন জমা পড়ছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বানার্জী-র উদ্যোগে চালু হওয়া এই প্রকল্পে ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন। কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত সর্বাধিক পাঁচ বছর মাসিক ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। আগামী ১ এপ্রিল থেকে এই ভাতা প্রদান শুরু হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ‘স্বনির্ভর বাংলা’ শিবিরে আবেদনপত্র জমা নেওয়া হবে। এরপর যাচাই প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত উপভোক্তা তালিকা তৈরি করা হবে।





