আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বিধানসভা ভোটের আগে সিপিএমে ধাক্কা,সদস্যপদ ছাড়লেন প্রতীক উর রহমান; চিঠি ঘিরে রাজনৈতিক তোলপাড়

Published on: February 16, 2026
---Advertisement---

কলকাতা, ১৬ ফেব্রুয়ারিঃ বিধানসভা নির্বাচনের আগে সংগঠন গুছিয়ে নেওয়ার তোড়জোড় চললেও সিপিএমে অস্বস্তি বাড়ল। দলের তরুণ মুখ প্রতীক উর রহমান প্রাথমিক সদস্যপদ ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে চিঠি দিয়েছেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম-কে। চিঠি প্রকাশ্যে আসতেই আলিমুদ্দিনে জল্পনা-গুঞ্জন শুরু হয়েছে। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তুমুল চর্চা।

চিঠিতে প্রতীক লিখেছেন, “সাম্প্রতিক সময়ে পার্টির জেলা ও রাজ্য নেতৃত্বের বেশ কিছু ভাবনা ও কর্মপদ্ধতির সঙ্গে আমি নিজেকে খাপ খাওয়াতে পারছি না… মানসিক দ্বন্দ্বের মধ্যে দিন কাটাতে হচ্ছে। এই অবস্থায় প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” তাঁর এই সিদ্ধান্ত সরাসরি কারও বিরুদ্ধে কি না, তা স্পষ্ট না হলেও প্রশ্ন উঠছে এটি কি সেলিমের নেতৃত্বের প্রতি অসন্তোষের বহিঃপ্রকাশ?

প্রসঙ্গত, সম্প্রতি হুমায়ুন কবীরের সঙ্গে সেলিমের বৈঠক ঘিরে বিতর্ক তৈরি হয়। সেই ইস্যুতে শাসকদল ও বিজেপি কটাক্ষ করে। সিপিএমের নীতি-নৈতিকতা নিয়েও প্রশ্ন ওঠে। ওই বিতর্কে সেলিমের পাশে দাঁড়িয়েছিলেন তরুণ নেতা শতরূপ ঘোষ। পরে প্রতীক সোশ্যাল মিডিয়ায় লেখেন, “নীতি-নৈতিকতা ছাড়া কমিউনিস্ট পার্টি হয় না।” যদিও তিনি কারও নাম নেননি, তবু রাজনৈতিক মহলে তা নিয়ে জল্পনা শুরু হয়।

প্রতীক উর রহমান ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। ২০২৪ সালের লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর বিরুদ্ধে লড়েও নজর কাড়েন। লড়াকু ভাবমূর্তির জন্য বাম কর্মীসমর্থকদের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা ছিল বলেই জানা যায়। ছাব্বিশের নির্বাচনে তাঁকে প্রার্থী করা হতে পারে—এমন জল্পনাও ছিল।

এই পরিস্থিতিতে তৃণমূল নেতা কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে লেখেন, “সিপিএমের বায়োলজিকাল ফেরেব্বাজ নেতৃত্ব ও ফেসবুক ফুটেজ বিপ্লবীদের দাপটে প্রথম সারির যুবনেতাদের অবস্থা এরকম।” যদিও চিঠির সত্যতা তিনি নিজে যাচাই করতে পারেননি বলেও উল্লেখ করেন।

দলের অন্দরেই ক্ষোভ বাড়ছিল বলে সূত্রের খবর। বামফ্রন্টের শরিকদের একাংশও সেলিম-হুমায়ুন বৈঠক নিয়ে অস্বস্তি প্রকাশ করেছিলেন। পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামতে হয় চেয়ারম্যান বিমান বসুকেও। তবে তাতেও অস্বস্তি পুরোপুরি কাটেনি বলেই ইঙ্গিত।

ভোটের আগে এই ‘পত্রবোমা’ সিপিএমের সংগঠনকে কতটা প্রভাবিত করবে, তা সময়ই বলবে। তবে প্রতীক উর রহমানের সিদ্ধান্তে লাল শিবিরে নতুন করে চাপানউতোর যে শুরু হয়েছে, তা বলাই যায়।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment