কলকাতা, ৯ ফেব্রুয়ারিঃ সপ্তাহের প্রথম দিনেই কলকাতার একাধিক এলাকায় আয়কর দফতরের তল্লাশি অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে মধ্য ও দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি জায়গায় একযোগে অভিযান চালান আয়কর দফতরের আধিকারিকরা। সূত্রের খবর, মোট ৮টি জায়গায় এই তল্লাশি চলছে।
জানা গিয়েছে, জৈব সারের ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ী সুধীর সাতনালিওয়ালার বাড়ি ও অফিসে অভিযান চালানো হচ্ছে। দক্ষিণ কলকাতার ১০ নম্বর রাজা সন্তোষ রোডে তাঁর বাড়ি এবং ৩৫ নম্বর চেতলা সেন্ট্রাল রোডে অবস্থিত অফিসে সকাল থেকেই পৌঁছে যান আয়কর দফতরের আধিকারিকরা। প্রথমে অফিসে তল্লাশি শুরু হলেও পরে তাঁর বাড়িতেও দীর্ঘ সময় ধরে অনুসন্ধান চালানো হয়।
তদন্তকারী সূত্রে জানা যাচ্ছে, আয়কর ফাঁকি এবং হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগের ভিত্তিতেই এই অভিযান। সুধীর সাতনালিওয়ালার বিরুদ্ধে আয়কর সংক্রান্ত একটি পুরনো মামলার তদন্তের সূত্র ধরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। বাড়ি ও অফিস থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, কম্পিউটারের হার্ডডিস্ক এবং আর্থিক লেনদেনের তথ্য সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে।
এছাড়াও নিউটাউনের অ্যাকশন এরিয়া–৩-এর একটি আবাসনের টাওয়ার–৩-এর নবম তলায় রাজেন্দ্র মাথুরের ফ্ল্যাটেও তল্লাশি চালানো হয়েছে। একই সঙ্গে নিউটাউনের ইকো স্পেস এবং পার্ক স্ট্রিটের একটি অফিসেও অভিযান চলছে বলে জানা গিয়েছে।
আয়কর দফতরের এই অভিযানে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এই অভিযানের ফলে কলকাতার ব্যবসায়ী মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তদন্তের অগ্রগতির ওপর নির্ভর করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে মনে করা হচ্ছে।





