খবরিয়া ২৪ ডেস্ক, ৭ ফেব্রুয়ারিঃ রাজ্যে আর মাত্র কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচন। তার আগেই মাধ্যমিকের ফলপ্রকাশ হবে কি না, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে জোর চর্চা চলছিল। অবশেষে সেই জল্পনায় খানিকটা ইতি টানলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ রামানুজ গঙ্গোপাধ্যায়। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শনিবার বীরভূম সফরে গিয়ে তিনি স্পষ্ট ইঙ্গিত দেন, প্রতি বছরের মতো এবারও পরীক্ষা শেষের আনুমানিক ৯০ দিনের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে।
পর্ষদ সভাপতি জানান, “প্রতি বছরই আমরা চেষ্টা করি নির্দিষ্ট সময়ের মধ্যে ফল প্রকাশ করতে। এবারও তার ব্যতিক্রম হবে না।” তবে ফলপ্রকাশের নির্দিষ্ট দিনক্ষণ পরে মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হবে বলেও তিনি জানান। এই মন্তব্যের পরই পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।
শনিবার ভূগোল পরীক্ষার দিনে পরীক্ষার ব্যবস্থাপনা খতিয়ে দেখতে বোলপুরের শ্রী নন্দা উচ্চবিদ্যালয় ও দ্বারোন্দা চণ্ডীমাতা উচ্চবিদ্যালয় পরিদর্শন করেন রামানুজবাবু। স্কুলগুলির পরিকাঠামো ও সামগ্রিক ব্যবস্থাপনা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। গত বছরও ওই স্কুলগুলি পরিদর্শনে গিয়েছিলেন তিনি। এক বছরের মধ্যে স্কুলগুলির যে উন্নতি হয়েছে, তাতে তিনি যথেষ্ট খুশি। তাঁর মতে, এই স্কুলগুলি রাজ্যের অন্যান্য বিদ্যালয়ের কাছে দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।
উল্লেখ্য, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ২ ফেব্রুয়ারি থেকে এবং চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন একটি করে পরীক্ষা হচ্ছে। সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হয়ে শেষ হচ্ছে দুপুর ২টোয়। প্রশ্নপত্র পড়ার জন্য পড়ুয়ারা অতিরিক্ত ১৫ মিনিট সময় পাচ্ছে। এ বছর মোট পরীক্ষার্থী ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন। এর মধ্যে ছাত্র ৪ লক্ষ ২৬ হাজার ৭৩৩ জন এবং ছাত্রী ৫ লক্ষ ৪৪ হাজার ৬০৬ জন। তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী রয়েছেন একজন। গোটা রাজ্যে ২ হাজার ৬৮২টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা চলছে। প্রশ্নফাঁস রুখতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং শনিবার পর্যন্ত কোনও প্রশ্নফাঁসের খবর পাওয়া যায়নি।





