খবরিয়া ২৪ ডেস্ক, ১ ফেব্রুয়ারিঃ সিনেদুনিয়ার অন্দরে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল ফেব্রুয়ারি মাসেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন দক্ষিণী তারকা রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। প্রেমদিবসের পরই নাকি চারহাত এক হবে এই তারকাজুটির। তবে শনিবার বিমানবন্দরে রশ্মিকার ব্যস্ত উপস্থিতি এবং গ্ল্যামারের ঝলক ঘিরেই নতুন করে জল্পনা তুঙ্গে ওঠে। পাপারাজ্জিদের প্রশ্ন, “আমাদের তো নিমন্ত্রণ করলেন না?” শুনে হেসে এড়িয়ে যান অভিনেত্রী। আর ঠিক তার পরেই উদয়পুরের এক রাজকীয় প্রাসাদ থেকে ফাঁস হওয়া ভিডিও যেন সেই জল্পনাতেই সিলমোহর বসাল।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে জমকালো বিয়ের আসরের প্রস্তুতি। লাল ভেলভেট কাপড়, রঙিন ফুলে সাজানো বিশাল মণ্ডপ, সারি সারি পিতলের মূর্তি ও বাসনের শোভা সব মিলিয়ে যেন কোনও রাজকীয় পিরিয়ড ড্রামার শুটিং সেট। ব্যস্ত ইভেন্ট টিমের দৌড়ঝাঁপ দেখে স্পষ্ট, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। ভিডিওটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাসের পারদ চড়তে শুরু করে। এই ভিডিও থেকেই ২ ফেব্রুয়ারি বিয়ের সম্ভাবনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
এর আগেই গত ডিসেম্বর মাসে শোনা গিয়েছিল, গোপনীয়তা বজায় রাখতে রাজস্থানের উদয়পুরের কোনও হেরিটেজ প্রাসাদেই মালাবদল করতে চলেছেন রশ্মিকা ও বিজয়। সেই গুঞ্জন এবার বাস্তবের খুব কাছাকাছি বলেই মনে করছেন সিনে মহলের একাংশ। বলিউড সূত্রে খবর, পয়লা ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে গিয়েছে বিয়ের অনুষ্ঠান। রবিবার মেহেন্দি, সঙ্গীত ও ককটেল পার্টির আয়োজন রয়েছে। সোমবার উভয় পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের সাক্ষী রেখে দম্পতি হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করবেন তাঁরা।
তাহলে কি সত্যিই ২ ফেব্রুয়ারিতেই সাতপাক ঘুরছেন বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা? আনুষ্ঠানিক ঘোষণা না এলেও অনুরাগীদের নজর এখন উদয়পুরের দিকেই।





