মালদা, ৬ জানুয়ারিঃ মালদায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসন্ন সফরের আগেই চাঞ্চল্যকর গুলিকাণ্ড। কালিয়াচক থানার কাশিম নগর নিচুপাড়া এলাকায় গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল সমর্থক। ঘটনায় আহত হয়েছেন তাঁর পরিবারের আরও দু’জন। অভিযোগ উঠেছে এলাকারই এক তৃণমূল নেতা ও তাঁর ছেলের বিরুদ্ধে। নতুন বছরের শুরুতেই এই ঘটনায় রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে।
আহত তৃণমূল সমর্থকের নাম জামালুদ্দিন শেখ। তিনি পেশায় জল ব্যবসায়ী। অভিযোগ, মঙ্গলবার সকালে জল নেওয়ার নাম করে তাঁকে বাড়িতে ডেকে নেন অভিযুক্ত তৃণমূল কর্মী বাবর আলী। এরপর বাড়ির ভিতরেই জামালুদ্দিন শেখকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি তাঁর পিঠে লাগে। গুলির শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন তাঁর ছেলে শামিম শেখ ও ভাইপো সাদ্দাম শেখ। অভিযোগ, তখন তাঁদের বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হয়। এতে গুরুতর জখম হন দু’জনই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’দিন আগে গ্রামে ক্রিকেট খেলা ঘিরে বিবাদ শুরু হয়। সেই বিবাদ মেটাতে মঙ্গলবার সালিশি সভা বসেছিল। কিন্তু সেখানেও ফের ঝামেলা বাঁধে। সেই ঘটনার জেরেই এই হামলা বলে অভিযোগ গ্রামবাসীদের।
ঘটনার পর থেকেই অভিযুক্ত বাবর আলী ও তাঁর ছেলে হেদায়েত পলাতক। পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে। আহত জামালুদ্দিন শেখ, তাঁর ছেলে ও ভাইপোকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।
উল্লেখযোগ্যভাবে, গত বছর ২ জানুয়ারি ঠিক এই সময়েই প্রকাশ্যে গুলি করে খুন করা হয় তৃণমূল নেতা বাবলা সরকারকে। এক বছর ঘুরতেই ফের একই এলাকায় গুলিকাণ্ড ঘিরে আতঙ্ক ছড়াল।
ঘটনাস্থলে পৌঁছেছে কালিয়াচক থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।





