কোচবিহার, ২২ নভেম্বরঃ আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আলো, উৎসব আর ঐতিহ্যের মেলবন্ধনে সেজে উঠছে কোচবিহার। রাজ্যের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী রাস উৎসবকে কেন্দ্র করে এখন চূড়ান্ত ব্যস্ততা মদনমোহন বাড়ি চত্বরে। আগামী ২৪ নভেম্বর সন্ধ্যায় জেলাশাসকের হাত ধরে রাসচক্র ঘোরানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিক সূচনা হবে রাস উৎসবের। পরদিন, ২৫ নভেম্বর কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলার উদ্বোধন করতে শহরে আসার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
মুখ্যমন্ত্রীর সফর এবং রাস উৎসবের সূচনাকে সামনে রেখে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না জেলা প্রশাসন। সেই লক্ষ্যেই রবিবার মদনমোহন বাড়িতে উপস্থিত হন জেলাশাসক-সহ প্রশাসনের একাধিক আধিকারিক। ছিলেন সদর মহকুমাশাসক এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্তাব্যক্তিরাও। মন্দির চত্বর ঘুরে দেখার পাশাপাশি রাস উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখেন তাঁরা।
বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা, দর্শনার্থীদের যাতায়াত, ভিড় নিয়ন্ত্রণ এবং সার্বিক আয়োজনের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করেন আধিকারিকেরা। রাসচক্র ঘোরানোর অনুষ্ঠান থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর সফর প্রতিটি কর্মসূচি যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ ও প্রস্তুতির বিষয়গুলি খতিয়ে দেখা হয়।
কোচবিহারের রাস উৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, জেলার ইতিহাস ও সংস্কৃতির সঙ্গেও ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে। মদনমোহন দেবের রাসযাত্রাকে কেন্দ্র করে প্রতি বছর হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে। রাসচক্র ঘোরানোর মধ্য দিয়ে উৎসবের সূচনা হওয়ার পর শহরজুড়ে শুরু হয় উৎসবের আবহ। রাসমেলাকে ঘিরে ভিড় জমে জেলার পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকেও।
এ বার সেই উৎসবের আকর্ষণ আরও বাড়িয়েছে মুখ্যমন্ত্রীর উপস্থিতি। ২৫ নভেম্বর তাঁর হাত ধরে রাসমেলার উদ্বোধন ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। সব মিলিয়ে রাস উৎসবের কাউন্টডাউন শুরু। এখন অপেক্ষা ২৪ নভেম্বর সন্ধ্যার, যখন রাসচক্রের ঘূর্ণনের সঙ্গে কোচবিহারে আনুষ্ঠানিক ভাবে বেজে উঠবে রাস উৎসবের সুর।





