কোচবিহার, ১ অক্টোবরঃ কোচবিহার জেলার তিনটি পৃথক জায়গায় একসঙ্গে তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার সকাল থেকে কোচবিহার শহরের দুটি পাঁচতলা আবাসনে থাকা দুটি ফ্ল্যাট এবং তুফানগঞ্জের বক্সিরহাটের জোরাই মোড় এলাকার একটি বাড়িতে এই তল্লাশি চলছে। অভিযানের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বক্সিরহাটের জোরাই মোড় এলাকায় যে বাড়িতে তল্লাশি চলছে, সেটি সুপারি ব্যবসায়ী বিনয় বর্মনের বলে জানা যাচ্ছে। তাঁর আদি বাড়ি তুফানগঞ্জের বক্সিরহাট এলাকায়। পাশাপাশি কোচবিহার শহরেও তাঁর দুটি ফ্ল্যাট রয়েছে বলে জানা গিয়েছে। ওই তিন জায়গাতেই একই সময়ে ইডির আধিকারিকেরা তল্লাশি চালাচ্ছেন।
সকাল থেকেই ইডির আধিকারিকদের উপস্থিতিকে ঘিরে সংশ্লিষ্ট এলাকাগুলিতে চাঞ্চল্য ছড়িয়েছে। তল্লাশি ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে কারণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে।
তবে ঠিক কী কারণে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে, সে বিষয়ে এখনও পর্যন্ত ইডির তরফে কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। প্রশাসনিক সূত্র থেকেও অভিযানের কারণ সম্পর্কে কোনও তথ্য জানানো হয়নি। ফলে তল্লাশির সঙ্গে কোনও নির্দিষ্ট মামলা বা তদন্তের যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। ইডির অভিযান শেষ হওয়ার পরই তল্লাশি এবং তার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।





