বিহার, ২৫ সেপ্টেম্বরঃ জামুই, সমস্তিপুরের পর এবার মন্দার হিল। বিহারে একের পর এক নারী হেনস্তার অভিযোগ ঘিরে যখন নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, তখনই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে আরও একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, পর্যটনকেন্দ্রে এক তরুণীকে ঘিরে কয়েক জনের অশালীন আচরণ। হাতে জুতো, লাঠি। তরুণীর সঙ্গীদেরও টেনে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে বলে ভিডিওতে দেখা যায়। ভিডিওটির সত্যতা স্বাধীন ভাবে যাচাই করেনি সংবাদমাধ্যম। তবে সেটি পুলিশের নজরে আসতেই শুরু হয়েছে তদন্ত।
পুলিশ সূত্রে খবর, ভাইরাল হওয়া ভিডিওটি সাম্প্রতিক নয়। ঘটনাটি ঘটেছিল মন্দার হিলের একটি জনপ্রিয় পর্যটনস্থলে। এক তরুণী সেখানে ঘুরতে গিয়েছিলেন। অভিযোগ, আচমকাই অন্তত ছ’জন তাঁকে হেনস্তা করতে শুরু করেন। তাঁর সঙ্গে থাকা বন্ধুদেরও কলার ধরে অন্য দিকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। গোটা ঘটনারই ভিডিয়ো করা হয়েছিল।
মঙ্গলবার পুলিশের হাতে ভিডিওটি পৌঁছয়। তার পরেই ঘটনাস্থলে যায় তদন্তকারী দল। স্থানীয়দের পাশাপাশি দোকানদারদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। তবে ভিডিও দেখে অভিযুক্তদের শনাক্ত করতে পারেননি স্থানীয় দোকানদাররা। আপাতত ছ’জনের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
মন্দার হিলের এই ঘটনা সামনে এসেছে এমন এক সময়ে, যখন বিহারের জামুই এবং সমস্তিপুরে নারী হেনস্তার অভিযোগ নিয়ে ইতিমধ্যেই তীব্র বিতর্ক চলছে। জামুইয়ে মাদওয়া পাহাড়ে বেড়াতে যাওয়া এক যুগলকে পথ আটকে হেনস্তার অভিযোগ ওঠে। অভিযোগ, কয়েক জন তাঁদের গালিগালাজ ও শারীরিক ভাবে হেনস্তা করেন। সেই ঘটনার ভিডিয়োও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। অন্য দিকে, সমস্তিপুরে এক নাবালক ও নাবালিকাকে মোটরবাইকে আসা কয়েক জন ঘিরে হেনস্তা করে বলে অভিযোগ। সেই ঘটনায় গ্রেফতারির খবরও সামনে এসেছে।
পরপর এই ঘটনাগুলির জেরে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে নারী নিরাপত্তা নিয়ে। বিশেষ করে পর্যটনকেন্দ্রে। বেড়াতে গিয়ে যদি এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তা হলে নিরাপত্তার দায়িত্ব কোথায় সেই প্রশ্নই এখন সামনে। মন্দার হিলের ঘটনায় পুলিশের তদন্ত কত দ্রুত এগোয় এবং অভিযুক্তরা শনাক্ত হয় কি না, আপাতত সেদিকেই নজর।





