মাথাভাঙ্গা, ১৬ সেপ্টেম্বরঃ শহর পরিষ্কার রাখার দায়িত্ব তাঁদের কাঁধে। অথচ সেই সাফাই কর্মীদেরই অভিযোগ, দেড় মাস ধরে মিলছে না বেতন। শেষ পর্যন্ত আবর্জনার গাড়ি নিয়েই পুরসভার গেটে হাজির হলেন তাঁরা। বুধবার ৭২ জন সাফাই কর্মীর বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে মাথাভাঙা পুরসভা চত্বর।
বিক্ষোভকারীদের অভিযোগ, নিয়মিত কাজ করেও প্রায় ৪৫ দিন ধরে বেতন পাচ্ছেন না তাঁরা। সংসার চালানো থেকে সন্তানদের পড়াশোনা বেতন না মেলায় একাধিক সমস্যার মুখে পড়তে হচ্ছে। বকেয়া বেতনের বিষয়ে পুরসভায় জানতে গেলে দুর্ব্যবহারের মুখেও পড়তে হয়েছে বলে অভিযোগ তাঁদের। এ দিন ক্ষোভে কর্মবিরতির সিদ্ধান্ত নেন তাঁরা।
একাধিক আবর্জনার গাড়ি পুরসভার মূল গেটের সামনে দাঁড় করিয়ে শুরু হয় বিক্ষোভ। ফলে বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহের পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়। দ্রুত বকেয়া বেতন মেটানোর পাশাপাশি বোনাস ও বেতন বৃদ্ধির দাবিও ওঠে।
সাফাই কর্মী সুনিতা বাসফোর বলেন, ‘‘আমার স্বামী নেই। তিন সন্তান নিয়ে সংসার। দেড় মাস বেতন না পাওয়ায় সন্তানদের পড়াশোনা ও সংসার চালাতে সমস্যা হচ্ছে।’’ আর এক কর্মী বিকাশ বাসফোরের বক্তব্য, ‘‘পুরসভা কাজ করাচ্ছে, কিন্তু বেতন দিচ্ছে না। বেতন না পাওয়া পর্যন্ত বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ বন্ধ রাখব।’’
পরিস্থিতি সামাল দিতে কর্মীদের সঙ্গে কথা বলেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার স্বপন কুমার পাত্র। তাঁর দাবি, বেতনের কাগজপত্র সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। অর্থ অনুমোদন হলেই বকেয়া মিটিয়ে দেওয়া হবে। এই আশ্বাসে বিক্ষোভ ওঠে। তবে কবে হাতে আসবে বকেয়া, আপাতত সেই অপেক্ষাতেই কর্মীরা।





