কোচবিহার, ১৫ সেপ্টেম্বরঃ দুর্গাপুজোর আগে মাদক পাচারের ছক! টোটোয় করে তিনটি ব্যাগে গাঁজা নিয়ে গন্তব্যের দিকে যাচ্ছিলেন এক যুবক। গোপন সূত্রে খবর পেয়ে পথে তাঁকে আটক করল নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ। তল্লাশি চালাতেই বেরিয়ে এল প্রায় ৮ কেজি গাঁজা। গ্রেফতার করা হয়েছে শুভজিৎ রায় (১৮) নামে ওই যুবককে।
ঘটনাটি ঘটেছে নিশিগঞ্জের ছিটকিবাড়ি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেওয়ানবস থেকে দোলং মোড় পর্যন্ত তিনটি ব্যাগ পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল শুভজিতের। সেই কাজের বিনিময়ে তাঁকে ১২০০ টাকা দেওয়ার কথা ছিল বলে পুলিশকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন ধৃত যুবক।
পুলিশের দাবি, অভাবের সংসারে বাড়তি আয়ের আশায় এই কাজে রাজি হয়েছিলেন শুভজিৎ। তবে ওই তিনটি ব্যাগে কী রয়েছে, তা তিনি জানতেন কি না, কিংবা পাচারচক্রের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ ছিল কি না সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে ওই এলাকায় মাদক পাচারের খবর পাওয়ার পর নিশিগঞ্জ ফাঁড়ির একটি দল অভিযান চালায়। ছিটকিবাড়ি এলাকায় সন্দেহজনক ভাবে টোটোয় যাতায়াত করা শুভজিৎকে আটক করে তল্লাশি চালানো হয়। তাঁর সঙ্গে থাকা তিনটি ব্যাগ খুলতেই পুলিশ আধিকারিকদের নজরে আসে গাঁজা। ওজন করে দেখা যায়, সব মিলিয়ে প্রায় ৮ কেজি মাদক রয়েছে।
এর পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শুভজিৎকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুজোর মুখে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়িয়েছে পুলিশ। তার মধ্যেই নিশিগঞ্জে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, এর পিছনে একটি বড় পাচারচক্র থাকতে পারে। কে বা কারা ওই গাঁজা শুভজিতের হাতে তুলে দিয়েছিল, কোথায় তা পৌঁছে দেওয়ার কথা ছিল এবং চক্রে আর কারা জড়িত তা জানার চেষ্টা চলছে। তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে পুলিশ জানিয়েছে।





