নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: দুয়ারে গিয়ে সমস্যা শোনা, আর সেখান থেকেই সমাধানের রাস্তা খোঁজা। কোচবিহার শহরের ১০ নম্বর ওয়ার্ডে বিজেপির জনসংযোগ কর্মসূচিতে দেখা গেল এমনই ছবি। বাড়ি বাড়ি ঘুরে বাসিন্দাদের সঙ্গে কথা বললেন বিজেপির জেলা সহ-সভাপতি দীপা চক্রবর্তী-সহ স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা। শুনলেন নাগরিক পরিষেবা থেকে সরকারি প্রকল্প নানা অভিযোগ ও অভাব-অভিযোগের কথা।
অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত-সহ সরকারি প্রকল্পের সুবিধা বাসিন্দারা ঠিকমতো পাচ্ছেন কি না, তা নিয়েও খোঁজ নেন দলের কর্মীরা। পাশাপাশি পানীয় জলের সংযোগ, রাস্তার আলো-সহ দৈনন্দিন নাগরিক সমস্যার কথাও উঠে আসে আলোচনায়।
অভিযোগ শোনার পর শুধু আশ্বাসেই থামেননি দীপা। সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে ফোনে কথা বলে দ্রুত সমস্যাগুলি সমাধানের উদ্যোগ নেওয়া হয় বলে জানা গিয়েছে। রাস্তার আলো এবং পানীয় জলের সংযোগের কাজ শীঘ্রই শুরু হবে বলেও জানানো হয়েছে। তাতেই খুশি স্থানীয় বাসিন্দাদের একাংশ।
জনসংযোগ কর্মসূচিতে উঠে এসেছে সরকারি প্রকল্পের আর্থিক সুবিধার ছবিও। স্থানীয়দের দাবি, ১০ নম্বর ওয়ার্ডের অধিকাংশ বাড়ির মহিলাই অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন। টাকা পেয়ে খুশি মহিলাদের একাংশের বক্তব্য, প্রতিশ্রুতি অনুযায়ী পরিষেবা মিলছে।
এদিনের কর্মসূচিতে দীপা চক্রবর্তী ছাড়াও বিজেপি নেতা ভানু ঘোষ-সহ স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন। ভোটের রাজনীতির বাইরে জনসংযোগকে নাগরিক সমস্যার সমাধানের মাধ্যম হিসাবে তুলে ধরতেই যেন এই উদ্যোগ।





