মাথাভাঙা, ১ সেপ্টেম্বরঃ মিষ্টির দোকানের সাজানো কাচের তাক। পাশে সারি দিয়ে রাখা মিষ্টির বাক্স। বাজারে নিত্যদিনের কেনাকাটার ভিড়। তারই মধ্যে হঠাৎ হাজির প্রশাসনের দল। খাদ্যসামগ্রীর গুণমান থেকে শুরু করে সংরক্ষণ ব্যবস্থা সব কিছুই খুঁটিয়ে দেখা হল। গত কয়েক দিন ধরে মাথাভাঙা শহরে চলা খাদ্য সুরক্ষা দফতরের ধারাবাহিক অভিযানের মধ্যেই মঙ্গলবার পচাগড় বাজারে ফের তল্লাশি।
এ দিন পুলিশ, প্রশাসন এবং খাদ্য দফতরের আধিকারিকদের যৌথ উদ্যোগে পচাগড় বাজারের একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। মিষ্টান্ন ব্যবসায়ীদের বেশ কয়েকটি দোকান ও গোডাউন পরিদর্শনের পাশাপাশি অন্যান্য খাদ্যসামগ্রীর দোকানেও নজর দেন আধিকারিকেরা। বাজারে বিক্রি হওয়া খাবারের মান ঠিক রয়েছে কি না, কী ভাবে খাদ্যসামগ্রী সংরক্ষণ করা হচ্ছে, দোকান ও গোডাউনের পরিচ্ছন্নতা কেমন এমন একাধিক বিষয় খতিয়ে দেখা হয়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই এই অভিযানের মূল উদ্দেশ্য। খাদ্যসামগ্রী তৈরির পরিবেশ, সংরক্ষণ পদ্ধতি এবং খাদ্য সুরক্ষা সংক্রান্ত বিধি মানা হচ্ছে কি না, সে দিকেও নজর দেওয়া হচ্ছে। শহরের বিভিন্ন এলাকায় পর পর অভিযান চলায় ব্যবসায়ী মহলেও তৈরি হয়েছে তৎপরতা।
শুধু উৎসবের মরসুমে নয়, সারা বছরই খাদ্যের গুণমান নিয়ে নজরদারি প্রয়োজন এমন বার্তাই কার্যত দিচ্ছে প্রশাসনের এই ধারাবাহিক অভিযান। বিশেষ করে মিষ্টি, খাবার এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে কোনও রকম বেনিয়ম যাতে সাধারণ ক্রেতার স্বাস্থ্যের উপর প্রভাব না ফেলে, সে বিষয়ে সতর্ক খাদ্য সুরক্ষা দফতর।
পচাগড় বাজারের মঙ্গলবারের অভিযান তাই নিছক পরিদর্শন নয়, বাজারে খাদ্যের মান ও নিরাপত্তা নিয়ে প্রশাসনের নজরদারি আরও জোরদার হওয়ারই ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।





