কলকাতা, ১ সেপ্টেম্বরঃ গ্রামের আইনশৃঙ্খলা রক্ষায় যাঁদের ভূমিকা গুরুত্বপূর্ণ, সেই ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। মাসিক সাম্মানিক ২ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, এর ফলে দৈনিক সাম্মানিক ৩৭৮ টাকা থেকে বেড়ে হয়েছে ৪৪৫ টাকা। অর্থাৎ প্রতিদিন অতিরিক্ত ৬৭ টাকা করে পাবেন তাঁরা। নতুন হার কার্যকর হবে ১ অগস্ট, ২০২৬ থেকে।
৩১ অগস্ট রাজ্যের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স দফতরের পুলিশ এস্টাব্লিশমেন্ট শাখা এ বিষয়ে নির্দেশিকা জারি করেছে। রাজ্যের ডিরেক্টর জেনারেল এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশকে পাঠানো ওই নির্দেশিকায় বলা হয়েছে, নিয়মিত ভাবে দায়িত্ব পালন করা ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের মাসিক সাম্মানিক বৃদ্ধির বিষয়টি বেশ কিছু দিন ধরেই সরকারের বিবেচনায় ছিল।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, বিষয়টি পর্যালোচনার পর রাজ্যপাল মাসিক সাম্মানিক ২ হাজার টাকা বৃদ্ধিতে অনুমোদন দিয়েছেন। অর্থ দফতরের সম্মতির ভিত্তিতেই এই নির্দেশ জারি করা হয়েছে। ফলে অগস্ট থেকেই বর্ধিত হারে সাম্মানিক পাওয়ার কথা ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের।
গ্রামীণ এলাকায় স্থানীয় পুলিশ-প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করেন ভিলেজ পুলিশ ভলান্টিয়াররা। আইনশৃঙ্খলা সংক্রান্ত তথ্য সংগ্রহ, স্থানীয় স্তরে নজরদারি এবং প্রশাসনিক কাজে সহায়তার মতো দায়িত্বে তাঁদের ভূমিকা রয়েছে। কাজের পরিধির সঙ্গে সাম্মানিকের সামঞ্জস্য নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা ছিল।
তবে নতুন সিদ্ধান্তে তাঁদের পরিষেবার অন্যান্য শর্তে কোনও পরিবর্তন আনা হয়নি। নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে, বর্তমানে চালু থাকা নিয়ম ও শর্তগুলি আগের মতোই বহাল থাকবে। বর্ধিত সাম্মানিকের অতিরিক্ত ব্যয় সংশ্লিষ্ট সরকারি খাত থেকেই বহন করা হবে।
মাসের শেষ দিনে নির্দেশিকা জারি হওয়ায় এখন কার্যত পরিষ্কার হল বর্ধিত সাম্মানিক পাওয়ার প্রশাসনিক প্রক্রিয়াও। অগস্টের প্রথম দিন থেকেই নতুন হারে হিসাব হওয়ার ফলে আগামী অর্থপ্রদানের সময় থেকেই তার প্রতিফলন দেখা যেতে পারে।





