নয়া দিল্লি, ১৩ আগস্টঃ নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজের সাম্প্রতিক মন্তব্য ঘিরে বিতর্ক আরও জোরাল। এ বার সেই মন্তব্যের জেরে সাংসদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জি জানানো হল। তবে সেই আবেদনেই সাড়া দিল না শীর্ষ আদালত। বরং আবেদনকারী আইনজীবীকেই মামলা করার পরামর্শ দিল প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ।
বৃহস্পতিবার প্রধান বিচারপতির এজলাসে বিষয়টি উত্থাপন করেন এক আইনজীবী। তাঁর দাবি, নেতাজিকে নিয়ে অনন্ত মহারাজের মন্তব্য অবমাননাকর। বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন তিনি। আদালতের স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিও জানান ওই আইনজীবী।
তবে সেই আর্জিতে প্রশ্ন ছুড়ে দেন প্রধান বিচারপতি। তাঁর পাল্টা প্রশ্ন, “আদালতকে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করতে কেন বলছেন? আপনি নিজে মামলা দায়ের করতে পারছেন না?”
কোন পরিস্থিতিতে আদালত স্বতঃপ্রণোদিত ভাবে কোনও বিষয়ে হস্তক্ষেপ করে, তার ব্যাখ্যাও দেন প্রধান বিচারপতি। তাঁর কথায়, গুরুতর কোনও বিষয়ে সাধারণ মানুষের পক্ষে আদালতের দ্বারস্থ হওয়া সম্ভব না হলে বিশেষ পরিস্থিতিতে আদালত নিজেই পদক্ষেপ করতে পারে। উদাহরণ হিসেবে পরিবেশ ও অরণ্যের বিষয় তুলে ধরেন তিনি।
প্রধান বিচারপতি আরও জানান, প্রান্তিক মানুষ কিংবা অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা ব্যক্তিদের ক্ষেত্রেও আদালত কখনও কখনও স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে। কিন্তু অনন্ত মহারাজের মন্তব্যের ক্ষেত্রে একজন যোগ্য আইনজীবী নিজেই মামলা করতে পারেন।
ফলে নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে আপাতত স্বতঃপ্রণোদিত মামলা করল না সুপ্রিম কোর্ট। তবে বিষয়টি নিয়ে আলাদা ভাবে মামলা করার দরজা খোলা রাখল শীর্ষ আদালত।





