খবরিয়া ২৪ ডেস্ক, ৯ আগস্টঃ একসঙ্গে ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার তালিকার নিবিড় সংশোধনের খসড়া প্রকাশ করল নির্বাচন কমিশন। আর সেই তালিকা প্রকাশ হতেই সামনে এল বড়সড় ‘ছাঁটাই’-এর ছবি। কমিশনের যাচাইয়ে এই পর্বে প্রায় ১ কোটি ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। অর্থাৎ, যাচাই হওয়া মোট ভোটারের প্রায় ১১.৫১ শতাংশই আপাতত তালিকার বাইরে।
কমিশন সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই পর্বে মোট ১৩ কোটি ৭৭ লক্ষ ভোটারের তথ্য যাচাই করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে অন্ধ্রপ্রদেশে প্রায় ৪৪ লক্ষ ৮৯ হাজার। দ্বিতীয় স্থানে ঝাড়খণ্ড। সেখানে প্রায় ৪৩ লক্ষ ৬১ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে। শতাংশের হিসাবে ঝাড়খণ্ডে বাদ পড়া ভোটারের হার প্রায় ১৭ শতাংশ।
তবে শতাংশের বিচারে সবচেয়ে বড় ‘ছাঁটাই’ হয়েছে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউয়ে প্রায় ৩০ শতাংশ। অরুণাচল প্রদেশেও বাদ পড়েছে প্রায় ২০ শতাংশ ভোটারের নাম।
তবে এখানেই প্রশ্নের সূত্রপাত। এত বিপুল সংখ্যক মানুষের নাম এত দিন ভোটার তালিকায় ছিল কী ভাবে? তাঁদের প্রত্যেকেই কি সত্যিই অযোগ্য বা তালিকায় থাকার অনুপযুক্ত? নাকি যাচাইয়ের প্রক্রিয়ায় কোনও প্রকৃত ভোটারের নামও বাদ পড়েছে? সেই প্রশ্নই এখন রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
দেশে ইতিমধ্যেই একাধিক দফায় এসআইআর প্রক্রিয়া চলছে। তৃতীয় পর্বে আরও কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই সংশোধনের কাজ শুরু হয়েছে। ফলে আগামী দিনে বাদ পড়া নামের সংখ্যা আরও বাড়তে পারে।
একদিকে ভুয়ো ভোটার, অনুপ্রবেশ এবং ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিতর্ক চলছে। অন্য দিকে, প্রকৃত ভোটারদের নাম যাতে কোনও ভাবেই বাদ না যায়, সেই দাবিও ক্রমশ জোরালো হচ্ছে। তাই কমিশনের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ‘ভুয়ো’ নাম বাদ দিতে গিয়ে যেন প্রকৃত ভোটারের গণতান্ত্রিক অধিকার খর্ব না হয়।





