খবরিয়া ২৪ ডেস্ক, ৫ আগস্টঃ প্রথম বড় আন্দোলনে সাফল্যের পর এবার কোন পথে হাঁটবে ককরোচ জনতা পার্টি (সিজেপি)? সরাসরি রাজনীতিতে নামবে, নাকি আন্দোলনের মঞ্চেই সীমাবদ্ধ থাকবে ? এই প্রশ্নের উত্তর খুঁজতেই মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভাজিনগরে শুরু হয়েছে দলের দু’দিনের গুরুত্বপূর্ণ বৈঠক। প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-সহ শীর্ষ নেতৃত্ব সেখানে ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করছেন।
নিট-সহ বিভিন্ন পরীক্ষায় অনিয়ম, প্রশ্নফাঁস এবং শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে আন্দোলনের মুখ হয়ে উঠেছিল সিজেপি। আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং একাধিক দাবি মেনে নেওয়ার পর সংগঠনটি নতুন কৌশল নির্ধারণে ব্যস্ত। তবে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের জল্পনায় আপাতত জল ঢেলে দিয়েছেন অভিজিৎ।
বৈঠকের ফাঁকে তিনি বলেন, “এখনই আমরা নিজেদের রাজনৈতিক দল হিসেবে দেখতে চাইছি না। আপাতত প্রেশার গ্রুপ হিসেবেই কাজ চালিয়ে যেতে চাই। মিডিয়া বিষয়টি নিয়ে বেশি আগ্রহী হলেও আমাদের মূল লক্ষ্য এখনও ছাত্রদের স্বার্থ রক্ষা।”
শুধু নিট নয়, এবার ঝাড়খণ্ডের বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ নিয়েও সরব হতে চাইছে সংগঠনটি। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষায় দীর্ঘদিন ধরে অনিয়মের অভিযোগে যে ছাত্র আন্দোলন চলছে, তার পাশেও দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন অভিজিৎ। তাঁর কথায়, “দেশের যে প্রান্তেই পড়ুয়ারা আন্দোলন করবে, আমরা তাদের পাশে থাকব। প্রয়োজন হলে ঝাড়খণ্ডেও যাব।”
আন্দোলনের প্রথম পর্বের সাফল্যের পর সিজেপি এখন দিল্লির গণ্ডি ছাড়িয়ে সারা দেশে নিজেদের সাংগঠনিক উপস্থিতি বাড়াতে চাইছে। তবে আপাতত ভোটের রাজনীতিতে ঝাঁপ নয়, বরং ছাত্র-যুবদের বিভিন্ন ইস্যুতে চাপ সৃষ্টি করাই সংগঠনের মূল লক্ষ্য বলে স্পষ্ট করেছে নেতৃত্ব।
তাই রাজনৈতিক দল হওয়ার জল্পনা চললেও, আপাতত ‘আন্দোলনের মঞ্চ’ ছাড়তে নারাজ ককরোচ জনতা পার্টি। ভবিষ্যতের রূপরেখা কী হবে, তার ইঙ্গিত মিলতে পারে এই বৈঠক থেকেই।





