খবরিয়া ২৪ ডেস্ক, ২৯ জুলাইঃ এক সময় যার জেরেই রাজনৈতিক চাপে পড়েছিল ইউপিএ সরকার, সেই কয়লাখনি বরাদ্দ মামলাতেই কার্যত স্বস্তি পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সিবিআইয়ের দাখিল করা ক্লোজার রিপোর্ট গ্রহণ করল সুপ্রিম কোর্ট। এর ফলে কয়লাকাণ্ডে তাঁর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগের আইনি পরিসমাপ্তি ঘটল।
২০১২ সালে ইউপিএ সরকারের দ্বিতীয় পর্বে তালাবিরা কয়লাখনি বরাদ্দ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। বিরোধীদের তোপের মুখে পড়ে তৎকালীন সরকার। অভিযোগের তির গিয়েছিল প্রধানমন্ত্রীর দফতর এবং তৎকালীন কয়লামন্ত্রকের দিকেও। সেই সময় নিম্ন আদালতে মনমোহন সিংকেও অভিযুক্ত হিসেবে তলব করা হয়েছিল। পরে তদন্তে নেমে সিবিআই জানায়, প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করার মতো পর্যাপ্ত প্রমাণ তাদের হাতে নেই। সেই কারণেই ক্লোজার রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সম্প্রতি সেই ক্লোজার রিপোর্টেই সিলমোহর দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, সিবিআইয়ের রিপোর্ট খারিজ করার মতো কোনও গ্রহণযোগ্য উপাদান আদালতের সামনে নেই। আদালতের পর্যবেক্ষণ, মামলার নিষ্পত্তি নিম্ন আদালতেই হওয়া উচিত ছিল। পাশাপাশি, ২০২৪ সালে মনমোহন সিংয়ের মৃত্যুর পর এই মামলার কার্যকারিতাও আর বিশেষ অবশিষ্ট নেই।
কয়লাখনি বরাদ্দ মামলা দীর্ঘদিন ধরেই দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে ছিল। সেই মামলাতেই তদন্তকারী সংস্থা শেষ পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রীকে অভিযুক্ত করেনি। সুপ্রিম কোর্টও সেই অবস্থান বহাল রাখায় কয়লাকাণ্ডে তাঁর বিরুদ্ধে আইনি অভিযোগের পথ কার্যত বন্ধ হয়ে গেল। জীবদ্দশায় যে অভিযোগ তাঁর রাজনৈতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছিল, মৃত্যুর প্রায় দু’বছর পর সেই মামলাতেই মিলল আইনি স্বস্তি।





