নয়াদিল্লি, ১ জুলাইঃ তৃণমূল কংগ্রেসের সংগঠন ও প্রতীকের অধিকার নিয়ে জটিলতা আরও এক ধাপ এগোতে চলেছে। নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করতে চলেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, দুপুর ১২টায় ১০ সদস্যের একটি প্রতিনিধি দল দিল্লিতে কমিশনের দফতরে গিয়ে তাদের দাবি পেশ করবে।
ঋতব্রত শিবিরের দাবি, দলের বিশেষ অধিবেশন ডেকে নতুন কর্মসমিতি গঠন করা হয়েছে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী তারাই প্রকৃত তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছে। ইতিমধ্যেই কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সংশ্লিষ্ট নথি জমা দেওয়া হয়েছে। সেই সূত্র ধরেই কমিশনের সর্বোচ্চ স্তরে নিজেদের অবস্থান জানাতে চাইছে তারা।
সূত্রের খবর, প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কাছে দলের নির্বাচনী প্রতীক এবং সাংগঠনিক স্বীকৃতির দাবিও জানাতে পারে। এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। কারণ, দলের অভ্যন্তরীণ বিরোধ নির্বাচন কমিশনের দরজায় পৌঁছনোয় বিষয়টি এখন সাংবিধানিক ও আইনি গুরুত্বও পেয়েছে।
বুধবার বিকেলেই দিল্লির উদ্দেশে রওনা দেন ঋতব্রত শিবিরের প্রতিনিধিরা। কমিশনের ফুল বেঞ্চের সামনে তারা নিজেদের বক্তব্য তুলে ধরবেন বলেই জানা গিয়েছে।
উল্লেখ্য, অতীতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে একাধিকবার কড়া সমালোচনা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কমিশনের ভূমিকা প্রশ্ন তুলে তিনি প্রকাশ্যে কটাক্ষও করেছিলেন। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর এখন তৃণমূলের সাংগঠনিক বিরোধের নিষ্পত্তির ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকাই হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ।
তবে ঋতব্রত শিবিরের দাবির বিষয়ে নির্বাচন কমিশন কী অবস্থান নেবে, তা এখনও স্পষ্ট নয়। কমিশনের তরফেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও মন্তব্য করা হয়নি। এখন নজর বৃহস্পতিবারের বৈঠক এবং তার পরবর্তী সিদ্ধান্তের দিকে।





