নয়াদিল্লি, ২ জুনঃ নিট প্রশ্নফাঁস বিতর্ককে কেন্দ্র করে ফের সরব হলেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। সোমবার সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করে তিনি জানান, দেশের শিক্ষাব্যবস্থার স্বচ্ছতা রক্ষার দাবিতে বৃহত্তর প্রতিবাদ আন্দোলন শুরু করতে তিনি ভারতে ফিরছেন। একই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও তোলেন তিনি।
নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করা ভিডিওতে অভিজিৎ দীপক বলেন, “ভারতের সংবিধানের পথ অনুসরণ করে সকলের শান্তিপূর্ণভাবে প্রতিবাদে শামিল হওয়া উচিত। নিট কাণ্ডে জবাবদিহি নিশ্চিত করতে হবে। এত বড় ঘটনার পরও যদি শিক্ষামন্ত্রী পদত্যাগ না করেন, তাহলে স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠবে।”
জানা গিয়েছে, আগামী ৫ জুন তিনি দিল্লিতে পৌঁছবেন। সেখানে যন্তর মন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি আয়োজনের জন্য পুলিশের কাছে অনুমতি চাওয়া হবে। পাশাপাশি দেশের ছাত্রছাত্রী, চাকরিপ্রার্থী এবং তরুণ প্রজন্মকে এই আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।
গত কয়েক সপ্তাহে ‘ককরোচ জনতা পার্টি’ নামটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচনায় উঠে এসেছে। আনুষ্ঠানিক রাজনৈতিক দল না হয়েও বিভিন্ন সমসাময়িক ইস্যুতে সরব হয়ে সংগঠনটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। অভিজিৎ দীপকের দাবি, সামাজিক মাধ্যমের জনপ্রিয়তার নিরিখে তাঁদের প্ল্যাটফর্ম বহু প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকেও টেক্কা দিয়েছে।
তবে সম্প্রতি সিজেপির এক্স অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। এ প্রসঙ্গে অভিজিৎ অভিযোগ করেন, তাঁদের অ্যাকাউন্টে কোনও উসকানিমূলক বা বেআইনি বিষয়বস্তু প্রকাশ করা হয়নি। শুধুমাত্র বিভিন্ন সামাজিক ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতামত প্রকাশ করা হয়েছিল। তবুও অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে বলে তাঁর দাবি।
নিট প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে যখন বিতর্ক তুঙ্গে, তখন অভিজিৎ দীপকের এই আন্দোলনের ডাক নতুন করে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।





