খবরিয়া ২৪ ডেস্ক, ২৭ মেঃ আমেরিকার এক ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। আদালতের চেম্বারেই এক মহিলা পুলিশ আধিকারিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা পড়লেন এক বিচারক। অভিযোগ, দীর্ঘদিন ধরেই আদালতের ভিতরে কর্তব্যরত অবস্থায় অশালীন কার্যকলাপে লিপ্ত ছিলেন তাঁরা। ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় বিচারমহলে।
সূত্রের খবর, গত প্রায় দু’বছর ধরে ওই বিচারকের সঙ্গে এক মহিলা পুলিশ আধিকারিকের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। অভিযোগ, দিনের পর দিন আদালতের চেম্বারেই যৌন সম্পর্কে লিপ্ত হতেন তাঁরা। আদালতের অন্যান্য কর্মীদের দাবি, চেম্বারের বাইরে পর্যন্ত আপত্তিকর শব্দ শোনা যেত, যার ফলে কর্মক্ষেত্রে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল।
সম্প্রতি আদালতেরই এক কর্মী বিচারক ও ওই মহিলা আধিকারিককে চেম্বারের ভিতরে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এরপর বিষয়টি প্রধান বিচারপতির নজরে আনা হয়। অভিযোগের ভিত্তিতে গঠন করা হয় সাত সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি।
তদন্তে অভিযোগের সত্যতা মিলতেই কড়া পদক্ষেপ করা হয়। অভিযুক্ত বিচারককে আজীবনের জন্য দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি বিচারবিভাগীয় কমিটির সমস্ত কাজ থেকেও তাঁকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে। আদালতের অন্যান্য কর্মীদের কাছে লিখিতভাবে ক্ষমা চাইতেও নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।
প্রথমদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করলেও পরে নিজের দোষ স্বীকার করে নেন ওই বিচারক। ঘটনার জেরে আমেরিকার বিচারব্যবস্থা ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে।





