শিলিগুড়ি, ২৬ মেঃ শিলিগুড়ি শহরের যানজট নিয়ন্ত্রণ এবং পথচলতি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবার কড়া অবস্থানে নামল ট্রাফিক পুলিশ। মঙ্গলবার মহাবীর স্থান এলাকায় বিশেষ অভিযান চালায় জলপাইমোর ট্র্যাফিক গার্ড। যত্রতত্র টোটো পার্কিং এবং রাস্তার উপর দোকান বসিয়ে ব্যবসা করার বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়।
এদিন মহাবীর স্থান সংলগ্ন বিভিন্ন রাস্তায় দেখা যায়, বহু টোটো এলোমেলোভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এর ফলে যান চলাচলে ব্যাঘাত ঘটছিল এবং নিত্যদিন যানজটের সৃষ্টি হচ্ছিল। পাশাপাশি রাস্তার একাংশ দখল করে কিছু ব্যবসায়ী দোকান বসানোয় সমস্যায় পড়তে হচ্ছিল সাধারণ পথচারীদেরও।
অভিযানে নেমে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে প্রথমে টোটো চালক ও ব্যবসায়ীদের সতর্ক করা হয়। রাস্তার উপর দোকান না বসানো এবং নির্দিষ্ট স্থানে টোটো পার্কিং করার নির্দেশ দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার কাউকে জরিমানা করা হয়নি। শুধুমাত্র সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
জলপাই মোড় ট্রাফিক গার্ডের এক আধিকারিক জানান, শহরের ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে সকলকেই নিয়ম মেনে চলতে হবে। বারবার সতর্ক করার পরেও যদি কেউ নিয়ম ভঙ্গ করেন, তাহলে আগামী দিনে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের একাংশ। ব্যবসায়ী জয় প্রকাশ বলেন, দীর্ঘদিন ধরেই মহাবীর স্থান এলাকায় অবৈধ পার্কিং এবং রাস্তা দখল করে ব্যবসা করার কারণে নিত্যদিন সমস্যার সৃষ্টি হচ্ছিল। পুলিশের নিয়মিত নজরদারিতে পরিস্থিতির উন্নতি হবে বলেই আশা প্রকাশ করেছেন তিনি।





