শিলিগুড়ি, ২৫ মেঃ শিলিগুড়ি কলেজে ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে সোমবার ফের অশান্তির পরিবেশ তৈরি হল। পড়ুয়াদের সহায়তার জন্য হেল্প ডেস্ক বসানোকে ঘিরে দুই ছাত্র সংগঠনের মধ্যে তীব্র সংঘর্ষ বাধে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে কলেজ চত্বরে ধাক্কাধাক্কি, হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত হন তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রনেতা বিবেক ঝা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নতুন ভর্তি প্রক্রিয়া উপলক্ষে কলেজে বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে সহায়তা শিবির খোলা হয়েছিল। সেই সময় হেল্প ডেস্ক পরিচালনাকে কেন্দ্র করেই প্রথমে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরে তা সংঘর্ষের আকার নেয়। কলেজ চত্বরে হুড়োহুড়ি ও উত্তেজনার জেরে সাধারণ পড়ুয়াদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহত বিবেক ঝাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর কলেজে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং বহু ছাত্রছাত্রী নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর টিএমসিপি অভিযোগ তোলে, এবিভিপি কর্মীরা পরিকল্পিতভাবে তাদের হেল্প ডেস্কে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। অন্যদিকে এবিভিপি সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, এটি মূলত টিএমসিপি’র অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত কলেজে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীকেও। বর্তমানে কলেজ চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজের বিভিন্ন জায়গায় নজরদারি চালানো হচ্ছে।
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। কারা এই সংঘর্ষে জড়িত এবং কী কারণে পরিস্থিতি এতটা উত্তপ্ত হল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।





