কলকাতা, ২৩ মেঃ রাজ্যে সরকার পরিবর্তনের পর নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার শিয়ালদহে সরকারি উদ্যোগে আয়োজিত রোজগার মেলা থেকে তিনি ঘোষণা করেন, এবার থেকে সরকারি চাকরির পরীক্ষায় পরীক্ষার্থীদের ওএমআর শিটের কার্বন কপি দেওয়া বাধ্যতামূলক করা হবে। তাঁর দাবি, এই সিদ্ধান্তের ফলে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে এবং দুর্নীতির সম্ভাবনা অনেকটাই কমবে।
মুখ্যমন্ত্রী বলেন, “কার্বন কপি প্রত্যেক যুবক-যুবতীকে দেওয়া উচিত। এতদিন ওএমআর পদ্ধতিতে পরীক্ষা হলেও কার্বন কপি দেওয়া হতো না। স্বজনপোষণ ও দুর্নীতির সূত্রপাত সেখান থেকেই হয়েছে। তাই এবার থেকে পরীক্ষার্থীদের হাতে কার্বন কপি তুলে দেওয়া হবে।”
রোজগার মেলার মঞ্চ থেকেই পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, আগের সরকারের আমলে লাগাতার নিয়োগ দুর্নীতির কারণে গোটা দেশের কাছে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, “২৬ হাজার চাকরি চুরি, টাকা নিয়ে অযোগ্যদের চাকরি দেওয়ার মতো অভিযোগে রাজ্যের নিয়োগ ব্যবস্থা কার্যত ধ্বংস হয়ে গিয়েছিল।”
নতুন সরকারের আমলে সম্পূর্ণ নতুন নিয়োগ নীতি কার্যকর হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, আগামী বাজেট অধিবেশনেই বিধানসভায় এই সংক্রান্ত প্রস্তাব আনা হতে পারে। মুখ্যমন্ত্রীর দাবি, স্বচ্ছতার সঙ্গে মেধার ভিত্তিতে চাকরি দেওয়াই হবে সরকারের মূল লক্ষ্য।
তিনি আরও জানান, লিখিত পরীক্ষা ও অ্যাকাডেমিক স্কোরকে বেশি গুরুত্ব দেওয়া হবে এবং মৌখিক পরীক্ষায় অতিরিক্ত নম্বর দেওয়ার সুযোগ কমানো হবে। ভাইভা পরীক্ষায় নির্দিষ্ট ন্যূনতম নম্বর রাখার কথাও ঘোষণা করেন তিনি। অতীতে মৌখিক পরীক্ষায় স্বজনপোষণের অভিযোগ উঠেছিল বলেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।
এছাড়াও সংরক্ষণ নীতি নিয়েও সরব হন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, পূর্ববর্তী সরকারের আমলে এসসি, এসটি, ওবিসি ও বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের সংরক্ষণের ক্ষেত্রেও সংবিধানসম্মত নিয়ম মানা হয়নি।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, “ডবল ইঞ্জিন সরকারের লক্ষ্য ১০০ শতাংশ দুর্নীতিমুক্ত নিয়োগ ব্যবস্থা গড়ে তোলা।” তাঁর দাবি, নতুন সরকার কর্মসংস্থানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিকেই সর্বাধিক গুরুত্ব দেবে।





