খবরিয়া ২৪ দেস্ক, ২২ মেঃ দিল্লি দাঙ্গা মামলায় জেলবন্দি প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদ-কে বড় স্বস্তি দিল দিল্লি হাই কোর্ট। শুক্রবার আদালত তাঁকে তিন দিনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে ১৫ দিনের জামিনের আবেদন করেছিলেন উমর। যদিও শেষ পর্যন্ত শর্তসাপেক্ষে আগামী ১ জুন থেকে ৩ জুন পর্যন্ত তাঁকে জেলের বাইরে থাকার অনুমতি দেওয়া হয়েছে।
আদালতে উমর খালিদের আইনজীবী জানান, সম্প্রতি তাঁর এক কাকার মৃত্যু হয়েছে। সেই সঙ্গে তাঁর ৬২ বছর বয়সি মায়ের শারীরিক অবস্থাও ভালো নয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী ২ জুন তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা। পরিবারের একমাত্র সন্তান হিসেবে এই কঠিন সময়ে বাবা-মায়ের পাশে থাকা তাঁর দায়িত্ব বলেই আদালতে আবেদন জানান উমর।
এর আগে নিম্ন আদালতে ২২ মে থেকে ৫ জুন পর্যন্ত জামিনের আবেদন করেছিলেন তিনি। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় আদালত। নিম্ন আদালতের পর্যবেক্ষণ ছিল, এই ধরনের কারণে জামিন দেওয়া সম্ভব নয়। পাশাপাশি আদালত জানায়, উমরের মায়ের দেখাশোনার জন্য পরিবারের অন্য সদস্যরাও রয়েছেন। এরপরই সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন তিনি।
শুনানিতে উমরের পক্ষ থেকে আরও জানানো হয়, ২০২২, ২০২৪ এবং ২০২৫ সালেও পারিবারিক কারণ দেখিয়ে আদালত তাঁকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল। প্রতিবারই তিনি সমস্ত শর্ত মেনে নির্দিষ্ট সময়ে আত্মসমর্পণ করেছেন। সেই যুক্তি খতিয়ে দেখেই হাই কোর্ট তিন দিনের জামিন মঞ্জুর করে।
আদালত জানিয়েছে, এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে এই জামিন কার্যকর হবে। জামিনের সময় উমরকে এনসিআর-এর মধ্যে নিজের বাড়িতেই থাকতে হবে এবং শুধুমাত্র হাসপাতাল যাওয়ার অনুমতি থাকবে।
উল্লেখ্য, ২০২০ সালের দিল্লি দাঙ্গার ঘটনায় ইউএপিএ মামলায় অভিযুক্ত হন উমর খালিদ। দক্ষিণ-পূর্ব দিল্লির সেই হিংসায় ৫৩ জনের মৃত্যু হয়েছিল। উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ওই বছরের সেপ্টেম্বর মাসে তাঁকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। এরপর একাধিকবার জামিনের আবেদন করলেও স্থায়ী মুক্তি এখনও পাননি তিনি।





